হারানো সম্পর্কের গল্প
ফোনের কনট্যাক্টগুলো মাঝেমধ্যে চেক করি, এমন প্রচুর নাম্বার সেভ করা আছে যাদের সাথে কথা হয়নি বহুদিন, অথচ তারাই আমাদের অভ্যাস ছিল কোনো এককালে।
এমন অনেকে যাদের কাছে ক্ষমা চাওয়া হয়নি আজও, গলির মোড়ে শেষবারের মতো “ভালো থেকো” বলার পর আর শোনা হয়নি তার হৃদস্পন্দনটুকু। কত বন্ধু, কত প্ল্যান বাকি রেখেই হঠাৎ শহর ছেড়েছিল! “পাঁচ মিনিট দাঁড়া, আসছি!” বলে আসেনি বহু দিন।
“তুই না গেলে, আমিও যাব না” বলা মেয়েটা একা একাই বেছে নিয়েছিল দূরত্ব, ছেলেটা কাজে মন দিয়েছিল সব ভুলে। বাকিটা সময় সামলে দিয়েছে।
আমাদের ফোনে এমন কিছু নাম্বারও রয়ে গেছে যারা আজ বেঁচে নেই, জং ধরা গ্রিলের মতো শুধু পড়ে আছে স্মৃতিটা। কখনো-সখনো ডায়াল করলে কি চেনা গলাটা পাওয়া যাবে! অথবা হয়তো একটি SMS বা ম্যাসেজ পাঠালে রিপ্লাই আসবে। কে জানে!
কিছু নাম্বার এখনো রয়ে গেছে, কিন্তু আর কখনো ফোন করা হবে না, ম্যাসেজ পাঠানোর প্রয়োজনও পড়বে না। কিছু সম্পর্ক দূরত্বে মরে যায়, কিছু অভিমান জমে পাথর হয়ে থাকে, আর কিছু নাম শুধুই একটি সংখ্যা হয়ে পড়ে থাকে, যেটা আর কখনো আলো জ্বালাবে না আমাদের জীবনে।
ছোটোবেলায় আমরা যতো সহজে পেনসিল-রবার হারিয়ে ফেলতাম! বড়ো হয়ে ঠিক সেভাবেই “মানুষ” হারিয়ে ফেলছি। ভীষণভাবে কিন্তু পার্থক্য একটাই: পেনসিল-রবার নতুন কেনা যেত, কিছু সম্পর্ক আর কখনো ফিরবে না। হয়তো চাইলেও না। একটি ফোন, একটি ম্যাসেজ সবই যেন আজ অসম্ভব হয়ে গেছে!

thanks for your opinion..💜💙💚🥀